আন্তর্জাতিক ডেস্ক/-হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৩০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার (১৪ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে রাজধানী পোর্ট অ প্রিন্স থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে এ ঘটনা ঘটে। সাত দশমিক দুই মাত্রার ভূমিকম্পের পরপরই বেশ কয়েকবার মৃদু কম্পন অনুভূত হয়। ঘটনার কয়েক ঘণ্টা পর আবারও সেখানে পাঁচ দশমিক আট মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পের পর দেশটিতে এক মাসের জরুরি অবস্থা জারি করেছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী আরিয়েল হেনরি। পোর্ট অ প্রিন্সসহ পার্শ্ববর্তী দেশ কিউবা ও জামাইকাতেও এ ভূমিকম্পের রেশ অনুভূত হলেও, সেখানে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। ভূমিকম্পের পর মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস সুনামি সতর্কতা জারি করলেও পরে তা প্রত্যাহার করে নেয়। তবে, কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের স্থানে এক হাজারের মতো বাড়িঘর, সাতটি গির্জা, দুটি হোটেল এবং তিনটি স্কুল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত আহত হয়েছেন আঠারোশো’ মানুষ। সেইসাথে অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে নিখোঁজদের উদ্ধার করতে অভিযান চালিয়ে যাচ্ছে সাধারণ মানুষসহ উদ্ধারকর্মীরা। এর আগে ২০১০ সালে হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সে সাত দশমিক দুই মাত্রার ভূমিকম্পে কয়েক হাজার মানুষ নিহত হন।







