পুতিনকে ফের হুমকি বাইডেনের ইউক্রেনে সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক সংবাদ:– উত্তেজনা বেড়েই চলেছে। রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে বলে মনে করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে মস্কোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। বলেছে, আগ্রাসন চালানো হলে ইউক্রেন রক্ষায় সেনা পাঠাবে ওয়াশিংটন। সেই সঙ্গে নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার কথাও ভাবছেন মার্কিন কর্মকর্তারা। এতে পুতিনঘনিষ্ঠ রাজনীতিক ও রাশিয়ার জ্বালানি খাতকে টার্গেট করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে ইউক্রেন নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার এই দুই নেতার এক ভার্চুয়াল বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

ইউক্রেনের প্রতি রাশিয়ার এই আগ্রাসী আচরণের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় নেতারা। বিষয়টি নিয়ে সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও কথা বলেন তারা। ভিডিও কনফারেন্সে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির অ্যাঞ্জেলা মার্কেল ও ইতালির মারিও দ্রাঘিসহ অন্য নেতারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, ইউক্রেনের সুরক্ষায় রাশিয়ার বিরুদ্ধে একটি ‘ঐক্যবদ্ধ ফ্রন্ট’ গঠনে তারা একমত হয়েছেন।

মস্কোকে ত্বরিত জবাব দিতে এখনই প্রস্তুতি নেওয়ার ডাক দিয়েছে লাটভিয়া। মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এডগার্স রিনকেভিকস বলেন, রাশিয়ার বিরুদ্ধে এখনই সব প্রস্তুতি নিয়ে রাখতে হবে।