রনি আহমেদ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি // নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের খরচ বাবদ এক যুবলীগ নেতার কাছে একজন আওয়ামী লীগ নেতার ৫ লাখ টাকা দাবি করার ফোনালাপ নিয়ে চলছে ব্যাপক তোলপাড় চলছে।
শনিবার নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খোকন সাহা ও সোনারগাঁ উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নুর মধ্যকার একটি ফোনালাপ ফাঁস হয়। এতে আইভীর পক্ষে নির্বাচনের জন্য চাওয়া হয় টাকা। যা নিয়ে এখন নারায়ণগঞ্জে চলছে ব্যাপক তোলপাড়।
নির্বাচনের আগে এই ফোনালাপ নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে।তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলছেন, এ রকম ঘটনা কেন ঘটানো হলো তা বোধগম্য নয়। এটি একটি জঘন্য কাজ।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা খোকন সাহা জানান, নির্বাচনের জন্য নয়, ওই যুবলীগ নেতা তার ক্লায়েন্ট, সে হিসেবেই টাকা চেয়েছেন তিনি। এদিকে, যুবলীগ নেতার দাবি, নির্বাচনের জন্যই তার কাছে টাকা চাওয়া হয়েছে।অভিযুক্ত খোকন সাহা নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সিটি নির্বাচনে তিনিও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। নারায়ণগঞ্জের রাজনীতিতে আইভী বিরোধী বলে পরিচিত খোকন সাহাকে নির্বাচনের মাঠেও দেখা যায়নি।







