মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আরও দুইদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। মাঘের এই বৃষ্টিতে শীত বাড়ার পাশাপাশি, দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ।
মাঝারি শৈত্যপ্রবাহের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি। আগামী কয়েকদিন বৃষ্টির এই প্রবণতা থাকতে পারে। এতে দিনের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হত পারে।
সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।শুক্রবার ভোর থেকে রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৪ মিলিমিটার।
বৃষ্টিপাত কমলে তামপাত্রা কমার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। হঠাৎ বৃষ্টিতে বিপাকে দিনমজুর ও সাধারণ মানুষ।দিনাজপুরে বৃহস্পতিবার রাত থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির সম্ভাবনার রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে, বৃষ্টি হলেও এক দিনের ব্যবধানে তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।রংপুরে কনকনে ঠান্ডা আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে শহর ও শহরতলী এলাকায় যান চলাচল কম।
মাঘের শেষে এমন আবহাওয়ায় কাজের সংকটে দিনমজুররা।রাজমিস্ত্রী আজগর বলেন, সকালে বের হয়েছি কাজের সন্ধানে কিন্তু আজ কাজ পাইনি। সকাল থেকে বৃষ্টি, মানুষজন খুব একটা ঘর থেকে বের হয়নি।এদিকে, ঠাকুরগাঁওয়ে বৃষ্টির কারণে বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রা কমায় ভোগান্তি শীতার্ত মানুষের। বিপাকে পড়েছেন দুস্থ, অসহায়, ছিন্নমূল মানুষ।মুন্সির হাট গ্রামের রিকশাচালক কায়সার জানান, সকাল থেকে বৃষ্টি তাই রিকশা বেড় করতে পারিনি। সেই সাথে প্রচণ্ড ঠান্ডা এ কারণে আজ ঘরেই আছি। তবে আমরা দিন আনি দিন খাই, বসে থাকলে তো চলে না। খাবো কি?
বৃষ্টির কারণে আলু উত্তোলন ব্যহত হওয়ার পাশাপাশি, সবজির ক্ষতি হওয়ার আশঙ্কা কৃষি অধিদপ্তরের।ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন জানান, জেলায় ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টির ফলে আলু উত্তোলন কিছুটা ব্যহত হতে পারে ও সবজির কিছুটা ক্ষতি হতে পাড়ে। সবজির ক্ষেতে যাতে পানি জমে না থাকে সে দিকে লক্ষ্য রাখতে হবে।অন্যদিকে, টাঙ্গাইলে সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি শনিবার দুপুর পর্যন্ত চলমান থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
পাশাপাশি হতে পারে বজ্রপাত।টাঙ্গাইল আবহাওয়া অধিদপ্তরে ভারপাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ জানান, আজ সকাল থেকে আগামীকাল শনিবার দুপুর পর্যন্ত ভারি বৃষ্টি ও পাশাপাশি বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।







