কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- কুষ্টিয়ায় রাতের আঁধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে দুষ্কৃতিকারীদের হামলা-ভাঙচুর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শনিবার (৫ ফেব্রুয়ারি) দিনে-দুপুরে ঐ ভাস্কর্যের ওপর উঠে এক ব্যক্তিকে দাঁড়িয়ে উন্মত্ত আচরণ করতে দেখা গেছে।

এ ম্যুরাল চত্বরে সার্বক্ষণিক পুলিশ পাহারা থাকার কথা থাকলেও আইন-শৃঙ্খলা বাহিনী ও জনতার চোখ এড়িয়ে কিভাবে ওই ব্যক্তি ভাস্কর্য বেয়ে ওপরে উঠেছে তা নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল।
পুলিশ জানায়, দুপুর সাড়ে ৩ টার দিকে শহরের জনাকীর্ণ এলাকা পাঁচ রাস্তা মোড়ে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য বেয়ে ওপরে উঠে মধ্য বয়সী ওই ব্যক্তি। ম্যুরালের ওপরে উঠে সে উন্মত্ত আচরণ করছিলো।
এসময় ঘটনাটি পথচারীসহ স্থানীয়দের দৃষ্টিগোচর হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পরে নানা কৌশল অবলম্বন করে প্রায় আধাঘণ্টা চেষ্টার পর ওই ব্যক্তিকে ভাস্কর্যের ২০ ফুট ওপর থেকে নীচে নামিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
আটককৃত ব্যক্তি অপ্রকৃতিস্থ নাকি ওপরে উঠার পেছনে কি উদ্দেশ্য ছিলো পুলিশ তা খতিয়ে দেখছে। পুলিশ ওই ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ সুপারের কার্যালয়ে আটক ব্যক্তির জিজ্ঞাসাবাদ চলছিলো।
কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম জানান, সিসি ক্যামেরা পর্যবেক্ষণসহ তথ্য-উপাত্তের ভিত্তিতে বিষয়টি অতি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ হেফাজতে নেওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে ঘটনা সম্পর্কে পুরো তথ্য জানানো হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, ২০২০ সালের ৪ ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা একই কায়দায় ওপরে উঠে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ম্যুরালে আঘাত ও ভাঙচুর করে। এ ঘটনায় দুই মাদরাসা শিক্ষক ও দুই ছাত্রীকে পুলিশ গ্রেফতার করে।







