পাঁচ বছরে ৪ খুনে অশান্ত কুষ্টিয়ার পাহাড়পুর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কুষ্টিয়া জেলা প্রতিনিধি// পাঁচ বছরে ৪ খুনে অশান্ত হয়ে উঠেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটি গ্রাম। এসব হত্যার রেশে লুটপাট চালিয়ে এলাকার অর্ধশত বাড়ি গুড়িয়ে দেয়াসহ ভিটে ছাড়া করা হয়েছে বাসিন্দাদের।

শান্তি ফিরুক এমন প্রত্যাশা গ্রামবাসীর।কুমারখালীর চাপড়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামে গত কয়েক বছর ধরে তিন পরিবার ও তাদের অনুসারীদের দ্বন্দ্বের জেরে বিরাজ করছে অস্থিতিশীল পরিস্থিতি। ঘটনার শুরু ২০১৭ সালে। মারামারিতে নিহত হয় সাদ ব্যাপারীর স্কুলপড়ুয়া নাতনি রুমানা খাতুন রুমী। পরে ২০২০ সালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে খুন হন সাদের দুই ভাই বকুল আলী ও নেহাদ আলী।এ ঘটনায় মন্ডল ও শেখ পরিবারের অনুসারীদের আসামি করে মামলা করা হয়।

তবে, সাদ ও তার সমর্থকদের বিরুদ্ধেও ওঠে বসতবাড়ি গুড়িয়ে দেয়া ও সম্পদ লুটের অভিযোগ।এমন পরিস্থিতিতে গেল ১৮ই জানুয়ারি নেহাদ ও বকুল হত্যা মামলায় জামিনে থাকা আসামি আমিরুলকে কুপিয়ে হত্যা করা হয়।এই হত্যার আগে-পরে গত কয়েক বছরে দুই পক্ষের অনেকের বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়।

উচ্ছেদ করা হয়ে ঘরবাড়ি থেকে।এসব ঘটনার জন্য সাদ ও এক ইউপি মেম্বারসহ কয়েকজনকে দায়ী করছে বাসিন্দারা, পুলিশের বিরুদ্ধেও উঠেছে দায়িত্বে অবহেলার অভিযোগ।এদিকে, স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, এসবে রয়েছে তৃতীয় পক্ষের ইন্ধনও।

কুমারখালী চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মঞ্জু বলেন,শুধু চাপড়া ইউনিয়নই জড়িত না, সদর থানার নুরপুর, গোপালপুর, কমলাপুরসহ কয়েকটি ইউনিয়ন গণ্ডগোলের সঙ্গে জড়িত।পুলিশ বলছে, আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি এলাকায় শান্তি ফেরাতে কাজ করছে তারা।

কুমারখালী থানার ওসি (তদন্ত) আকিবুল ইসলাম জানান, অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ জেলা ডিবি পুলিশ এখানে কর্তব্যরত আছে। এলাকার মানুষ যেন শান্তিতে থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করছি।বন্ধ হোক হানাহানি, এলাকায় ফিরুক শান্তি, এমনটাই প্রত্যাশা বাসিন্দাদের।