২২ দিন পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নরসিংদী জেলা প্রতিনিধি// নরসিংদীতে দাফনের ২২ দিন পর সাফাত সালমান নূর নামে এক বছর ৩ মাস বয়সী শিশুর লাশ উত্তোলন করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল চারটার দিকে মাধবদী থানাধীন বৈলাইন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।এসময় নরসিংদীর ভূমি অধিগ্রহণ শাখা ও জে এম শাখার সিনিয়র সহকারী কমিশনার শ্যামল চন্দ্র বসাক উপস্থিত ছিলেন।

শিশুটির বাবা শাহাদাত হোসেনের অভিযোগের ভিত্তিতে লাশটি উত্তোলন করা হয়।তার অভিযোগ, মাধবদী থানাধীন বৈলাইন এলাকার মো. নবাব উদ্দিনের ছেলে মো. শাহাদাত হোসেনের সাথে রূপগঞ্জের চারিতালুক চৌধুরীবাড়ী এলাকার শফিকুল ইসলামের মেয়ে বৃষ্টি আক্তারের (২২) প্রেম করে বিয়ে হয়।

বিয়ের পর তাদের সাফাত সালমান নূর নামে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। এরপর বৃষ্টি আক্তারের বাবা-মা নাতিসহ মেয়ে ও মেয়ের জামাইকে মেনে নেয়।এদিকে, কিছুদিন আগে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে বৃষ্টি অজ্ঞাত এক যুবকের প্রেমে পড়ে এবং গত ৬ জানুয়ারি কাউকে কিছু না বলে শিশু সন্তানসহ বাড়ি থেকে চলে যায়।

পরে খোঁজ করে সে বাবার বাড়িতে আছে জানতে পেরে তার স্বামী তাকে আনতে গেলে সে আসবে না বলে জানিয়ে দেয়। পরে চলতি মাসের ২ তারিখ বিকেলে সন্তানের মৃত্যুর সংবাদ পায় তার বাবা।সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে শাহাদাত ও তার স্বজনরা শ্বশুরবাড়িতে গিয়ে ছেলেকে মৃত অবস্থায় দেখেন।

ওই সময় ছেলের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল।একপর্যায়ে তাড়াতাড়ি লাশ দাফন করা হয়। পরে স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোনের ম্যাসেঞ্জারে কথিত প্রেমিকের সাথে তার ছেলেকে হত্যার পরিকল্পনার বিষয়টি জানতে পারে।

এ ঘটনায় ১৭ ফেব্রুয়ারি রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে বৃষ্টি আক্তারকে আটক করেছে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে বৃহস্পতিবার শিশু সাফাত সালমান নূরের লাশ উত্তোলন করা হয়।