ওসামম কক্সবাজার জেলা প্রতিনিধি// কক্সবাজারের উখিয়ায় বিজিবি সদস্যদের ওপর হামলা করে ইয়াবাসহ এক মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৬ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে বালুখালীর পূর্ব ফাঁড়ির বিল এলাকায় এ ঘটনা ঘটে। ৩৪-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদি হোসাইন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।ছিনিয়ে নেওয়া ওই মাদক কারবারির নাম বখতিয়ার। সে উখিয়ার বালুখালীর পূর্ব ফাঁড়ির বিল এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে।
লে. কর্নেল মো. মেহেদি হোসাইন জানান, ইয়াবা কারবারি বখতিয়ারকে ইয়াবাসহ আটক করে বিজিবি। হ্যান্ডকাফ পরিয়ে বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় বখতিয়ারের স্বজনরা স্থানীয় নারীদের দিয়ে বিজিবির ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়। ৩৪-বিজিবি অধিনায়ক জানান, বুধবার (৬ এপ্রিল) দিবাগত ৮০ হাজার ইয়াবাসহ বখতিয়ারকে আটক করে বিজিবির সদস্যরা।
পরে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় তার লোকজন উখিয়ার বালুখালীর পূর্ব ফাঁড়ির বিল এলাকায় বিজিবি সদস্যদের ওপর হামলা করে। এ সময় নারী ও শিশুদের ব্যবহার করে ইট, পাথর ও দেশীয় অস্ত্র দিয়ে বিজিবি সদস্যের আঘাত করে। নারীরা বিজিবি সদস্যদের হাত ও শরীরে কামড় বসিয়ে ক্ষত-বিক্ষত করে। হামলাকারীরা নারী ও শিশু হওয়ায় বিজিবি সদস্যরা পাল্টা আক্রমণে বিরত থাকার সুযোগে বখতিয়ার হ্যান্ডকাফ ও ইয়াবাসহ পালিয়ে যায়।
অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।







