চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:- চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্বামী-স্ত্রী হত্যার ঘটনার পাঁচ দিনের মাথায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
ডাকাতির উদ্দেশেই হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সময় লুট হওয়া টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।পুলিশ জানায়, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী নিহত ব্যবসায়ী নজির উদ্দিনের সহকারী সাহাবুল। নিহত নজির উদ্দিনের বালুর ট্রাক আনা-নেওয়ার কাজ করতো সে।
গত ২৩ সেপ্টেম্বর রাতে, বালু কেনার অজুহাতে নজির উদ্দিনের বাড়িতে যায় সাহাবুল ও তার তিন সহযোগী। পূর্ব পরিকল্পনা অনুসারে নজির উদ্দিন ও তার স্ত্রী ফরিদা বেগমকে হত্যা করে নগদ টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায় তারা।পরে মোবাইল লোকেশনের সূত্র ধরে গ্রেপ্তার করা হয় হত্যাকাণ্ডে জড়িতদের।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয় লুট হওয়া নগদ ৪৩ হাজার টাকা ও মোবাইল ফোন।গত ২৪ সেপ্টেম্বর নিজ বাড়িতে নিহত দম্পতির মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় তাদের কন্যা বাদী হয়ে মামলা করেন।







