বিএনপিতে সত্যি কথা বলার লোক নাই, বাকি সবাই ‘ইয়েস স্যার, নো স্যার’: মেজর হাফিজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দলীয় প্রধানদের সম্মান করি। কিন্তু বিএনপিতে সত্যি কথা বলার মত লোক নাই। বাকি সবাই ‘ইয়েস স্যার, নো স্যার’। বুধবার (০৮ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর বনানীতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, শারীরিক অসুস্থতার কারণে আমার পক্ষে নির্বাচনে অংশ নেয়া সম্ভব নয়। তবে আমি মনে করি, বিএনপির নির্বাচনে যাওয়া উচিৎ। মেজর (অব.) হাফিজ আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ওপর জোর না দিয়ে বিকল্প সমাধান খোঁজা উচিত। আন্তর্জাতিক শক্তির সহায়তা ও মধ্যস্থতা পেলে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত বনে মনে করেন তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, সংঘাতের রাজনীতির অবসান চাই। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, এখন দয়া করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। ইসি সুষ্ঠু ভোট করতে পারবে না। নির্বাচন করে ডিসি-এসপিরা। ভারতকে অনুসরণ করে আমরা গণতান্ত্রিক দেশ হতে চাই।

মেজর (অব.) হাফিজ বলেন, তারেক রহমানের প্রতি আহ্বান, দলে সংস্কার করুন। এভাবে দল চলতে পারে না। দলে কেন ত্যাগী নেতারা বঞ্চিত হচ্ছেন, কেন কমিটি বাণিজ্য হচ্ছে; এ নিয়ে প্রশ্নও তোলেন তিনি।

এর আগে, মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে এক প্রতিক্রিয়ায় হাফিজ উদ্দিন আহমেদ বলেছিলেন, বিএনপি নির্বাচনে গেলে সেই নির্বাচনে অংশ নেবেন তিনি।