স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের ঝিকরগাছায় বিদেশী পিস্তল ও একটি ম্যাগজিনসহ রয়েল (২৮) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে ঝিকরগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে তার বসতবাড়ি থেকে আটক করে। রয়েলের বিরুদ্ধে ইতোপূর্বে চারটি মামলা রয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টা ১৫ মিনিটে ঝিকরগাছা থানা পুলিশের একটি টিম নিয়মিত অভিযান চালাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা ঝিকরগাছা থানাধীন হাড়িয়া দেয়াড়া এলাকায় রয়েলের বাড়িতে অভিযান চালান। অভিযানে তার হেফাজত থেকে একটি সচল বিদেশী পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত রয়েল হাড়িয়া দেয়াড়া গ্রামের শুকুর আলীর ছেলে। পুলিশ তার পূর্ব রেকর্ড পর্যালোচনা করে দেখেছে, তার নামে ঝিকরগাছা থানায় এর আগেও চারটি মামলা রয়েছে।
এ বিষয়ে আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।







