স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারসহ চারজনের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির প্রলোভন দেখিয়ে ৮৪ লাখ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কেশবপুরের শহীদ লে. মাসুদ মেমোরিয়াল কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোশিয়ার রহমান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কেশবপুর আমলী আদালতে এই মামলাটি করেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরা বেগম অভিযোগটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী তাহমিদ আকাশ এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অপর তিন আসামি হলেন, কেশবপুর শহরের হাসপাতাল পূর্ব পাশের সাহাপাড়ার রোডের আবু বক্কর সিদ্দিকের ছেলে আলমগীর সিদ্দিক টিটো (৪৫), আলমগীর সিদ্দিক টিটোর স্ত্রী শামিমা পারভীন রুমা (৪৫) এবং কেশবপুর উপজেলার মাগুরখালি গ্রামের সোবহান গাজীর ছেলে রবিউল ইসলাম (৪৮)।
অভিযোগে বলা হয়েছে, আসামিরা শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির প্রতিশ্রুতি দিয়ে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়ায় বিষয়টি নিয়ে কেশবপুর উপজেলাসহ জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।







