স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর জেনারেল হাসপাতালে ভর্তি থাকা অসুস্থ ছেলেকে দেখতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বাবা। মৃত ব্যক্তির নাম মো: আব্দার হোসেন (৬৫)। তার বাড়ি যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের মাকাপুর গ্রামে।
জানা যায়, গত ১ আগস্ট, শুক্রবার মো: আব্দার হোসেনের ছেলে মো: ছাত্তার হোসেন (৩২) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মুখ দিয়ে রক্ত উঠলে পরিবারের সদস্যরা তাকে যশোর জেনারেল হাসপাতালের চতুর্থ তলায় পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন।
শনিবার দুপুর ১টার দিকে আব্দার হোসেন তার অসুস্থ ছেলেকে দেখতে হাসপাতালে আসেন। ছেলেকে দেখে তিনি হাসপাতালের নিচতলায় লেবার ওয়ার্ডের সামনের একটি বেঞ্চে বসেছিলেন। হঠাৎ মাথা ঘুরে তিনি সেখানেই পড়ে যান। সঙ্গে থাকা তার বিয়াই মো: নজরুল ইসলাম দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।
এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একই সময়ে ছেলে হাসপাতালে অসুস্থ এবং বাবা মারা যাওয়ায় স্বজনদের কান্না ও আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে ওঠে।







