স্বাধীন কন্ঠ ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিজয় র্যালি শুরু হয়েছে। বুধবার (৬ আগস্ট) বিকাল ৪টা ৪৫ মিনিটে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে থেকে এ র্যালি শুরু হয়।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয় র্যালির উদ্বোধন ঘোষণা করেন। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশ শুরু হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাবেশে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিজয় র্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর, পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হবে।
র্যালিতে পিকআপ ভ্যানে যোগ দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহ উদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় নেতারা।
র্যালি শুরুর কয়েক ঘণ্টা আগেই নয়াপল্টন এলাকায় জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদলসহ অন্যান্য সহযোগী ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাও র্যালিতে যোগ দিয়েছেন। হাতে ও মাথায় জাতীয় পতাকা, দলীয় পতাকাসহ বিভিন্ন রঙের ক্যাপ পরে র্যালিতে অংশ নিয়েছেন তারা। র্যালির সামনে আছে ব্যান্ড পার্টিও। ধানের শীষ দিয়ে সেজে অনেকে এসেছেন র্যালিতে।







