স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে একটি চোরাই ইজিবাইক উদ্ধার করেছে এবং এ ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আমানুল্লাহ সাগর রনি (২৮)। তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ইজিবাইক চুরির অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট যশোর সদরের কিসমত নওয়াপাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুর হালিম (৫০) কোতোয়ালি মডেল থানায় একটি ইজিবাইক চুরির মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেন, তার ইজিবাইক চালক নয়ন (৩২) প্রতিদিনের মতো তার গ্যারেজ থেকে ইজিবাইকটি বের করার পর আমানুল্লাহ সাগর রনি নামের এক ব্যক্তি প্রতারণার মাধ্যমে হলুদ রঙের ইজিবাইকটি চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় যশোর জেলার পুলিশ সুপার জনাব রওনক জাহান গুরুত্ব দেন এবং দ্রুত ইজিবাইকটি উদ্ধারের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দেন। পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের একটি চৌকস দল আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তদন্ত শুরু করে।
অভিযানের নেতৃত্ব দেন ডিবি’র অফিসার ইনচার্জ এবং তার সঙ্গে ছিলেন এসআই অলক কুমার দে পিপিএম, এএসআই মো. শামসুজ্জামান, ও এএসআই শেখ কামরুল আলম। তারা ১৫ আগস্ট সকালে কেশবপুর উপজেলা সদরে অভিযান চালিয়ে আমানুল্লাহ সাগর রনিকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সে ইজিবাইকটি চুরি করার কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেশবপুরের বেতীকোলা এলাকা থেকে চুরি যাওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইজিবাইকটির আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। এর সিট কমলা রঙের এবং কভারে ‘DOWEDO’ লেখা আছে। এছাড়া, ইজিবাইকটির সামনে ও পেছনে ‘YUANDI’ লেখা রয়েছে।
গ্রেফতারকৃত আমানুল্লাহ সাগর রনি খুলনার ডুমুরিয়া থানার মাগুরা ঘোনার শাহাবুদ্দিন গোলদারের ছেলে। তাকে ১৫ আগস্ট আদালতে পাঠানো হয়েছে।






