জাদুবলে টাকা ও স্বর্ণ দ্বিগুণ করার প্রলোভনে প্রতারণা; গ্রেপ্তার ২

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
জাদুবলে টাকা ও স্বর্ণালংকার বহুগুণে বাড়িয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে যশোর থেকে দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার শিকার এক নারীর চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন খুলনার ডুমুরিয়া থানার উত্তর আরশনগর গ্রামের আসাদুল শেখ ওরফে রাজু (৪০) এবং যশোর কোতোয়ালি মডেল থানার শাখারাগাঁতী পূর্বপাড়ার খাইরুল ইসলাম (৪৫)।

পুলিশ জানায়, প্রায় এক মাস আগে প্রতারক চক্রের এক সদস্য গোলাপী রানি দত্ত (৩৫) নামে এক নারীর ব্যবহৃত মোবাইল নম্বরে নিজেকে তার ধর্ম-বোন পরিচয় দিয়ে সখ্যতা গড়ে তোলে। গত ১ আগস্ট আসাদুল শেখ ওরফে রাজু যশোর কোতোয়ালি মডেল থানাধীন রূপদিয়া রেল স্টেশনের পাশে ওই নারীর সঙ্গে দেখা করে। সে নিজেকে জাদুবিদ্যায় পারদর্শী দাবি করে এবং জাদুর মাধ্যমে কাগজ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার বহুগুণে বাড়িয়ে দিতে পারে বলে জানায়। তার কথায় প্রলুব্ধ হয়ে গোলাপী রানি গত ৩ আগস্ট প্রায় ৪ লাখ ৮৯ হাজার টাকা মূল্যের ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে পুনরায় সেখানে যান। এ সময় প্রতারক তার সরলতার সুযোগ নিয়ে সব স্বর্ণালংকার আত্মসাৎ করে পালিয়ে যায়।

গোলাপী রানি দত্তের অভিযোগের ভিত্তিতে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যশোর জেলা পুলিশ সুপার ডিবিকে দ্রুত এর রহস্য উদঘাটনের নির্দেশ দেন।

ডিবি যশোরের অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই অলক কুমার দে এবং এএসআই মো. শামসুজ্জামান আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযান পরিচালনা করেন। গত ২০ আগস্ট রাতে তারা নরেন্দ্রপুর (শাখারাগাঁতী) গ্রাম থেকে আসাদুল শেখ ওরফে রাজুকে গ্রেপ্তার করেন। আসাদুলের দেওয়া তথ্য অনুযায়ী, রূপদিয়া বাজার এলাকা থেকে তার আরেক সহযোগী খাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে এই কৌশলে মানুষকে ঠকিয়ে টাকা ও স্বর্ণালংকার আত্মসাৎ করে আসছে। মো. খাইরুল ইসলামের হেফাজত থেকে গোলাপী রানির চুরি যাওয়া ১৯টি স্বর্ণের আংটি, ৬ জোড়া কানের দুল, ১টি দড়ি চেইন, ১টি কমল চেইন, ২টি পাক চেইন এবং ১টি টিকলিসহ মোট ২ ভরি ১৩ আনা ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৪৬ হাজার টাকা। গ্রেপ্তারকৃত দুই আসামিকে ২১ আগস্ট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।