স্বাধীন কন্ঠ ডেস্ক
“মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। রোববার সকালে সিভিল সার্জন অফিসের সামনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং সিভিল সার্জন অফিস, যশোর-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. কামরুল হাসান। তিনি বলেন, একটি শিশুর সুস্থ জীবন ও বিকাশের জন্য প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধই যথেষ্ট। মাতৃদুগ্ধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মায়ের স্বাস্থ্য সুরক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি পরিবারকে এই বিষয়ে সচেতন হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের প্রতিনিধি কর্মক্ষেত্র এবং সামাজিক পর্যায়ে মাতৃদুগ্ধ পানের পরিবেশ তৈরির ওপর জোর দেন। তিনি বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মায়েদের জন্য পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করা খুবই জরুরি।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, নার্স, এনজিও প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় মাতৃদুগ্ধের উপকারিতা নিয়ে আলোচনা, প্রশ্নোত্তর পর্ব এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।







