এমএম কলেজের মেডিকেল কর্নারে ছাত্রদলের ওষুধ সরবরাহ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের মেডিকেল কর্নারে ওষুধ সরবরাহ করেছে ছাত্রদল। রোববার দুপুরে কলেজ কর্নারটির দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসারের কাছে এসব ওষুধ হস্তান্তর করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা চিকিৎসা সংকটের সাময়িক সমাধান পেলেন।

কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম বিল্টু মেডিকেল অফিসার ডা. নাসরিন আক্তারের হাতে ওষুধ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম, সদস্য সচিব কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক টিটোন তরফদার, গোলাম সরোয়ার, সোহানুর রহমান, মেহেদী হাসান প্রমুখ।

​ওষুধ হস্তান্তর শেষে জাহিদুল ইসলাম বিল্টু বলেন, ‘ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। আমরা জানতে পারি কলেজের মেডিকেল কর্নারে পর্যাপ্ত ওষুধ নেই। শিক্ষার্থীরা যাতে সমস্যায় না পড়ে, সে জন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বার্থে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।’ তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের পড়াশোনার পাশাপাশি শারীরিক সুস্থতাও জরুরি। ছাত্রদল বিশ্বাস করে, সেবামূলক কাজের মাধ্যমেই শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসা অর্জন করা যায়।’

​উপস্থিত শিক্ষার্থীরা ছাত্রদলের এই উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, মেডিকেল সেন্টারটি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হলেও ওষুধ না থাকায় অনেক সময় সমস্যায় পড়তে হয়। এখন ওষুধ পাওয়ায় তারা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন।