১০৩ রানে ডাচদের থামালো বাংলাদেশ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

সংক্ষিপ্ত স্কোর: ১৭.৩ ওভারে ১০৩/১০ (ডোরাম ২*; ও’ডাউড ৮, নিদামানুরু ০, বিক্রমজিৎ ২৪, এডওয়ার্ডস ৯, ক্রোয়েস ২, শারিজ ১২, সিকান্দার ২, ক্লেইন ৪, মিকারেন ৩, আরিয়ান ৩০)

নেদারল্যান্ডসকে দ্বিতীয় টি-টোয়েন্টি ১০৩ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিংয়ে পাঠিয়ে দুর্দান্ত বোলিংয়ে পুরোটা সময় সফরকারীদের অস্বস্তিতে রেখেছে স্বাগতিক দল। একটা সময় একশ রানের আগেই তাদের গুটিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। ৮১ রানে হারায় নবম উইকেট। সেখান থেকে লেজের দিকে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে একশ পার করান আরিয়ান দত্ত। ২৪ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩০ রানে আউট হন তিনি। ১৭.৩ ওভারে আরিয়ানকে থামান মেহেদী হাসান। তার বিদায়েই শেষ হয় নেদারল্যান্ডসের ইনিংস।

আরিয়ান দত্তের ইনিংসটাই ছিল সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার বিক্রমজিৎ সিং। তাছাড়া বাকিরা বাংলাদেশের বোলিংয়ে দাঁড়াতেই পারেননি। ২১ রানে ৩ উইকেট নেন নাসুম আহমেদ। ১৮ রানে দুটি নেন মোস্তাফিজুর রহমান। ২২ রানে দুটি নেন তাসকিন আহমেদও। একটি করে নিয়েছেন মেহেদী হাসান ও তানজিম হাসান সাকিব।

পতন হলো নবম উইকেটের

৭৮ রানে অষ্টম উইকেট হারানোর পর নবম উইকেট হারাতেও সময় লাগেনি ডাচদের। ৮১ রানে পতন হয় নবম উইকেটের। পল ফন মিকারেনকে (৩) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন নাসুম আহমেদ।

৮০ রানের আগেই অষ্টম উইকেট হারালো নেদারল্যান্ডস

ইনিংসের মাঝপথেই ৬৫ রানে ৭ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় নেদারল্যান্ডস। অষ্টম উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন কাইল ক্লেইন ও আরিয়ান দত্ত। যদিও বেশি দূর যেতে পারেননি তারা। ৭৮ রানে ক্লেইনকে (৪) শর্ট বলে বিদায় দিয়েছেন তাসকিন আহমেদ।

৭ উইকেট হারিয়ে বিপদে নেদারল্যান্ডস

সাকিবের ওভারে ষষ্ঠ উইকেট হারানো নেদারল্যান্ডস আরও চাপে পড়ে ১১তম ওভারে। এবার নতুন ব্যাটার সিকান্দার জুলফিকারকে ২ রানে বোল্ড করে দ্বিতীয় উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান।

সাকিবের ওভারে দুই উইকেট হারিয়ে আরও বিপদে ডাচরা

মোস্তাফিজের পর উইকেট উৎসবে যোগ দেন তানজিম হাসান সাকিব। শুরুতে তার বলে রানআউটের শিকার হন নোয়া ক্রোয়েস (২)।  পরের বলে শারিজ আহমেদকে (১২) শর্ট বলে লিটনের গ্লাভসবন্দি করান তিনি। তাতে ষষ্ঠ উইকেট হারিয়ে আরও বিপদ বাড়ে ডাচদের।

মোস্তাফিজের আঘাতে পড়লো চতুর্থ উইকেট

নিয়মিত বিরতিতে উইকেট তুলে ডাচদের ব্যাটিংয়ের রাশ টেনে ধরছেন স্বাগতিক বোলাররা। নবম ওভারে আক্রমণে এসেই অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে পারভেজ হোসেনের ক্যাচ বানিয়েছেন মোস্তাফিজুর রহমান। তাতে ৫৫ রানে পতন হয়েছে চতুর্থ উইকেটের। মেরে খেলতে গিয়ে এডওয়ার্ডস কাটা পড়েন ৯ রানে।

পাওয়ার প্লেতে বিক্রমজিৎকে থামালেন তাসকিন

নাসুম পর পর দুই ডেলিভারিতে দুটি উইকেট শিকার করলেও পাওয়ার প্লেতে রানের চাকা সচল রেখেছিলেন বিক্রমজিৎ সিং। পঞ্চম ওভারে নাসুমের বলে টানা দুটি চার মারেন তিনি। ধীরে ধীরে হাত খুলতে থাকা এই ব্যাটারকে পাওয়ার প্লের ষষ্ঠ ওভারে থামিয়েছেন তাসকিন আহমেদ। ক্যাচ তুলে ডাচ ব্যাটার ২৪ রানে আউট হয়েছেন। তার ১৭ বলের ইনিংসে ছিল ৪টি চার। বিক্রমজিতের আউটের পর ৬ ওভারে ডাচ দল সংগ্রহ করেছে ৩ উইকেটে ৪০ রান।

তৃতীয় ওভারেই নাসুমের জোড়া আঘাত

টস জিতে নেদারল্যান্ডসকে বোলিংয়ে পাঠিয়ে তৃতীয় ওভারেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। শুরুটা যদিও তাদের খারাপ ছিল না। প্রথম দুই ওভারে দেখা পায় দুটি বাউন্ডারির। আজকের ম্যাচ দিয়ে একাদশে ফেরা নাসুম আহমেদ তৃতীয় ওভারে আক্রমণেই এসে ভাঙেন শুরুর জুটি। ম্যাক্স ও’ডাউডকে তালুবন্দি করান তিনি। ১০ বলে ১ চারে ৮ রান করেছেন ডাচ ব্যাটার। বামহাতি স্পিনার পরের বলে নতুন নামা তেজা নিদামানুরুকেও তালুবন্দি করালে শুরুতেই চাপে পড়েছে সফরকারী দল।

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ। সেই লক্ষ্যে টানা দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে স্বাগতিক দল।

সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে পাওয়ার হিটিংয়ের অনন্য প্রদর্শনীতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে লিটন দাসের দল। নেদারল্যান্ডসের বিপক্ষে আজ দ্বিতীয় ম্যাচের আগে তাই আত্মবিশ্বাসে ভরপুর স্বাগতিকরা। ডাচদের বিপক্ষে প্রথমবার সিরিজ খেলতে নামা বাংলাদেশ সোমবার জিতলেই তিন ম্যাচের সিরিজ ২-০ তে নিশ্চিত করবে।

বাংলাদেশ প্রথম ম্যাচে দাপুটে জয়ে নিজেদের ফেভারিট ট্যাগের যথার্থতা প্রমাণ করেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে আধিপত্য করেছে তিন বিভাগেই।

তাসকিন আহমেদ ও সাইফ হাসানের বোলিংয়ে নেদারল্যান্ডস টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৬ রানে থামে। জবাবে অধিনায়ক লিটন দাস ২৯ বলে ৫৪ রানে অপরাজিত থেকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। দুই উইকেট নেওয়ার পর সাইফ হাসান ব্যাট হাতেও ১৯ বলে ৩৬ রানের কার্যকরী ইনিংসে নিজের ফেরাটা স্মরণীয় করে তোলেন। তাছাড়া সাইফ টানা দুই ছক্কায় নিশ্চিত করেন জয়। তাতে ১৩.৩ ওভারেই বাংলাদেশ জয় নিশ্চিত করেছে।

একাদশে কারা

বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এনেছে। উইনিং কম্বিনেশন ধরে রাখেনি স্বাগতিক দল। বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম ও লেগ স্পিনার রিশাদ হোসেন। তাদের জায়গায় খেলবেন আরেক পেসার তানজিম হাসান সাকিব ও বামহাতি স্পিনার নাসুম আহমেদ। নেদারল্যান্ডস একাদশেও পরিবর্তন একটি। টিম প্রিঙ্গলের বদলে এসেছেন ব্যাটার সিকান্দার জুলফিকার।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।

নেদারল্যান্ডস একাদশ:  ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, আনিল তেজা নিদামিনুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), শারিজ আহমেদ, নোয়া ক্রোয়েস, কাইল ক্লেইন, সিকান্দার জুলফিকার, আরিয়ান দত্ত, পল ফন মিকারেন ও ড্যানিয়েল ডোরাম।