স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর শহরের প্রেসক্লাবের পাশের ফুটপাতে লেবু বিক্রি করা ৭৪ বছর বয়সী অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল লতিফের পাশে এসে দাঁড়িয়েছেন শিক্ষকপুত্র ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। সম্প্রতি সংবাদপত্রে আব্দুল লতিফকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়, যা ডা. ফরিদের নজরে আসে।
আজ (সোমবার) বিকেলে ডা. ফরিদ শহরের মুজিব সড়কের ফুটপাতে লেবু বিক্রিরত শিক্ষক আব্দুল লতিফের কাছে যান। তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কথা বলেন।
এ সময় শিক্ষক আব্দুল লতিফ জানান যে তিনি চোখের সমস্যায় ভুগছেন। ডা. ফরিদ তাৎক্ষণিকভাবে তার চোখের অপারেশনের খরচ বহন করার প্রস্তাব দেন।
ডা. ফরিদের এই অপ্রত্যাশিত সাহায্য পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আব্দুল লতিফ।
তিনি ডা. ফরিদকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানিয়ে বলেন, “অপারেশনের টাকা জোগাড় হয়েছে। আপনি আমার কাছে এসেছেন, এতেই আমি অনেক খুশি। আপনার বাবা, যশোর এমএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক শরীফ হোসেনকে আমি চিনতাম। তিনি একজন ভালো মানুষ ছিলেন।”
এসময় ডা. ফরিদ শিক্ষক আব্দুল লতিফের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং ভবিষ্যতে তার যেকোনো ধরনের চিকিৎসায় পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য, শিক্ষক আব্দুল লতিফ যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দীর্ঘ ৩৮ বছর শিক্ষকতা করে অবসর নিয়েছেন। জীবনের শেষ সময়ে একটু স্বাচ্ছন্দ্যে চলার জন্য তিনি গত এক বছর ধরে ফুটপাতে বসে লেবু বিক্রি করছেন। তবে তিনি মনে করেন, কোনো কাজই ছোট নয় এবং এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই।






