স্বাধীন কন্ঠ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কে রাজনীতি করবে না করবে এটা আইনের ব্যাপার, সরকারের ব্যাপার। বিএনপি কোথাও কোনও মব সংস্কৃতি তৈরিও করে না, উচ্ছৃঙ্খল জনতাতন্ত্রে বিশ্বাসী নয় বিএনপি। কিন্তু বিএনপির তো অ্যানালাইসিস আছে, একটা বিশ্লেষণ আছে। গেলো ১৬ বছর জাতীয় পার্টির ভূমিকা কী? অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা কী ছিল? শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদকে কারা রক্ষা করেছে? কারা ১৬ বছর জনগণের লাখো-কোটি টাকা পাচারের সুবিধা করে দিয়েছে। কারা এই দেশকে আওয়ামী ভয়ংকর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করেছে। তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আমি আগেও বলেছি, জি এম কাদের ইন্ডিয়ায় গেলেন। এখানে সাংবাদিকরা প্রশ্ন করলেন—আপনার সঙ্গে কী কথা হয়েছে। সেই বিষয়ে তিনি বললেন না। তিনি বললেন, তাদের সঙ্গে কথা হয়েছে—আমি তাদের পারমিশন ছাড়া কথা বলতে পারবো না। জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের জন্য তারা নির্দেশ দিয়েছে, এটা সবাই জানে। সেটাও আপনি তাদের অনুমতি ছাড়া বলতে পারবেন না। আপনার কি ভারতের কোনও রাজনৈতিক দল, না বাংলাদেশের রাজনৈতিক দল। এই আপনাদের মেরুদণ্ড, এই আপনাদের নীতি, এই আপনাদের আদর্শ।
তিনি বলেন, একেবারে দেশটা ছিল শেখ হাসিনার বাপের সম্পত্তি, যখন যা মনে করেছে তা-ই করেছে। একটার পর একটা ব্যাংক দিয়ে দেওয়া হয়েছে এস আলমকে। সেই এস আলম এখন দিল্লিতে শেখ হাসিনার কাছে আড়াই হাজার কোটি পৌঁছে দিয়েছেন, বাংলাদেশের মধ্যে কিছু ঘটাবেন। আরও প্রতিশ্রুতি দিয়েছেন—আরও দুই হাজার কোটি টাকা দেবেন। আরেকজন নেতা, শেখ হাসিনার একেবারে ডানহাত মাহবুব উল আলম হানিফ, বিদেশ বা ইন্ডিয়ায় আছেন। তিনি বাংলাদেশে তার এলাকায় একটা বেশ বড় ধরনের এলাকা নিয়ে বিশ্ববিদ্যালয় ওপেন করছেন ও উদ্বোধন করেছেন কালকে। কীভাবে সম্ভব এটা?
এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির, জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম পাটোয়ারীর এমন মন্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, বিএনপি তো রাষ্ট্রক্ষমতায় নেই। এখনও তো আবার সুষ্ঠু নির্বাচন হয়নি। আপনি কীসের দায়-দায়িত্বের কথা বলছেন? আপনি আবার দায়িত্ব নেওয়ার কথা বলছেন কেন? বিএনপি জাতীয় পার্টির দায়িত্ব নেবে কেন? আপনারা কারা? যখন ইলিয়াস আলীসহ বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম হয়—তখন কোথায় ছিলেন, তখন জাতীয় পার্টি কোথায় ছিল?







