স্বাধীন কন্ঠ ডেস্ক
নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে একটি শিশু লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। গতকাল (৩ সেপ্টেম্বর) বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই লাইব্রেরির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। স্থানীয় সংস্কৃতি ও শিক্ষাচর্চার প্রসারে এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু। তিনি বলেন, “আগামী দিনের নেতৃত্ব দেবে আজকের শিশুরা। তাদের হাতে বই তুলে দেওয়ার মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞান ও আলোর পথে এগিয়ে নিয়ে যেতে চাই।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কবি মামুন আজাদ এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন কবি আরশি গাইন। বিশেষ অতিথি হিসেবে ছড়াকার মুস্তাফিজুর রহমান মুস্তাক ও আজহার হোসেন স্বপন উপস্থিত ছিলেন।
শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে শিশুরা তাদের মেধার পরিচয় দেয়। প্রতিযোগিতা শেষে ২০ জন বিজয়ী শিশুকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যশোর পাবলিক লাইব্রেরির সম্পাদক এস নিয়াজ মোহাম্মদ। তিনি বলেন, “শিশু লাইব্রেরি কেবল বই পড়ার একটি স্থান নয়, এটি শিশুদের সৃজনশীল চিন্তা ও কল্পনার বিকাশের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।”
স্থানীয় অভিভাবক ও সাংস্কৃতিক কর্মীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত এমন আয়োজনের আহ্বান জানিয়েছেন।







