স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদর উপজেলাধীন আরবপুর ইউনিয়নের ধর্মতলা কাঁচাবাজারে চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় এক কসাইকে মারপিট করে নগদ প্রায় ৮৭ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আহত নজরুল ইসলাম (৪২) বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, শুক্রবার ভোর আনুমানিক ১২টা ১৫ মিনিটে ধর্মতলা কাঁচাবাজারের ‘মা-বাবা মিট হাউজ’-এর সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন নজরুল ইসলাম। এ সময় পূর্ব থেকে দাবিকৃত ৩ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় খোলাডাঙ্গা গাজীপাড়ার মহুরী মাসুদুর রহমান টিটু গাজী (৪৫) উদ্দেশ্যপ্রণোদিতভাবে মোটরসাইকেল দিয়ে নজরুলকে ধাক্কা দেন। নজরুল পড়ে গেলে টিটু গাজী তাকে লাথি মারেন এবং কিল-ঘুষি মেরে আহত করেন। এরপর তার কাছে থাকা নগদ ৮৭ হাজার ৪৩২ টাকা ছিনতাই করে পালিয়ে যান।
নজরুলের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে কোতয়ালী থানা পুলিশকে জানানো হয়েছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। পুলিশ অভিযুক্ত মাসুদুর রহমান টিটু গাজীকে আটকের চেষ্টা চালাচ্ছে।







