স্বাধীন কন্ঠ ডেস্ক
সম্প্রতি বদলি হওয়া ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভূপালী সরকারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে ফুঁসে উঠেছে সর্বস্তরের এলাকাবাসী। আদেশ প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
জানা গেছে, গত বুধবার (১০ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউএনও ভূপালী সরকারকে বাঘারপাড়া উপজেলায় বদলি করা হয়। এ খবর ছড়িয়ে পড়তেই ঝিকরগাছার সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ ও হতাশা দেখা দেয়।
একাধিক সেবাগ্রহীতা জানিয়েছেন, ইউএনও ভূপালী সরকার একজন সৎ, নিরপেক্ষ এবং মানবিক কর্মকর্তা হিসেবে উপজেলায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে উপজেলাকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করেছেন। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি তিনি কোনো অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেননি। বিশেষ করে অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে তিনি রাত-দিন পরিশ্রম করেছেন। মাত্র এক বছরেই তিনি তার সততা ও উদার মন দিয়ে সবার মন জয় করে নিয়েছেন।
উপজেলাবাসীর দাবী, ভূপালী সরকার শুধু একজন সরকারি কর্মকর্তা নন, বরং তিনি ঝিকরগাছার একজন অভিভাবক হয়ে উঠেছিলেন। তার কার্যালয়ে সাধারণ মানুষের অবাধ প্রবেশ ছিল এবং তিনি সবসময় সবার কথা মন দিয়ে শুনতেন।
ইউএনও-কে বদলি করার এই আকস্মিক সিদ্ধান্তে সাধারণ মানুষ তাকে ‘অমূল্য সম্পদ’ আখ্যা দিয়ে তার বদলি আদেশ প্রত্যাহারের জন্য খুলনা বিভাগীয় কমিশনার এবং যশোর জেলা প্রশাসকের কাছে জোর দাবী জানিয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়েছেন, এই বদলি আদেশ পরিবর্তন না হলে তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।






