বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি যশোর জেলার ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি, যশোর জেলার ১২তম ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের পৌর কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে নাজীর আহমেদ মুন্নুকে সভাপতি ও সেলিম রেজা বাবুলকে সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান, সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সহ-সভাপতি সদরুল ইসলাম এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম ইট প্রস্তুতকারীদের দেশের উন্নয়নে অংশীদার বলে উল্লেখ করেন। তিনি বলেন, নাগরিক ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা না থাকলে ভালো সেবা নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, আমি আপনাদের কোনো বিশেষ সুযোগ তৈরি করে দেইনি। আপনারা রাষ্ট্রের আইন এবং হাইকোর্টের নির্দেশ মেনেছেন, আমি কেবল সহযোগিতা করেছি।
জেলা প্রশাসক অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটা এবং অনিবন্ধিত ট্রাক্টর দিয়ে মাটি পরিবহনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ফসলি জমিতে ইটভাটা স্থাপন করা যাবে না, এটা আইন। তিনি সমাজের মানুষকে কষ্ট না দিয়ে আইন মেনে নিজেদের কাজ করার ওপর জোর দেন।
সভার শেষ পর্যায়ে জেলা প্রশাসক রসিকতার ছলে বলেন, আমি যশোরে আসার পর নিজের ওজন মেপেছি। যাওয়ার সময়ও একই ওজন নিয়ে যাব। এক কেজি ওজনও বাড়তি নিয়ে যাবো না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ইট প্রস্তুতকারি মালিক সমিতি ঝিনাইদহ জেলার সভাপতি হাফিজুর রহমান, মাগুরা জেলার রবিউল ইসলাম, কুষ্টিয়ার জিয়াউর রহমান, নড়াইলের কলিমুল ইসলাম কুশল, চুয়াডাঙ্গার খাজা নাছির উদ্দীন শান্তি, যশোরের বাঘারপাড়া উপজেলার সভাপতি আব্দুস সালাম, ঝিকরগাছার আব্দুর রাজ্জাক,অভয়নগরের আফসার মোল্ল্যা, শার্শার হাসান জহির,চৌগাছার আব্দুল হালিম, যশোর সদরের জাহাঙ্গীর আলম প্রমুখ।