যশোরে বিদেশি মদসহ ভারতীয় নাগরিক আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোর সদর উপজেলার বাউলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশি মদসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ব্যক্তির নাম উত্তম হালদার (৩৯), যিনি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার সাত ভাই কালিতলার বাসিন্দা।

শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে এই অভিযান পরিচালনা করে। এ সময় উত্তম হালদারের ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ বোতল বিদেশি মদ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উত্তম হালদার জানিয়েছেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে তিনি ভারত থেকে এই মদগুলো যশোর হয়ে ঢাকায় পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দুর্গাপূজা সামনে রেখে ভারত থেকে বাংলাদেশে মাদক পাচারের প্রবণতা বেড়েছে। এ কারণে মাদক ও চোরাকারবারীদের আটকের জন্য বিজিবি’র অভিযান অব্যাহত আছে।

আটককৃত উত্তম হালদারকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।