স্বাধীন কন্ঠ ডেস্ক
চুয়াডাঙ্গা থেকে যশোরগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে এক বিরল ঘটনা ঘটেছে। চলন্ত ট্রেনেই এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ২৭ বছর বয়সী রেশমা শারমিন। শনিবার সকালে এই ঘটনাটি সবার মাঝে আনন্দ ছড়িয়ে দেয়।
রেশমা শারমিন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামদানি গ্রামের মোহাম্মদ রনির স্ত্রী। আট মাসের অন্তঃসত্ত্বা রেশমা তার মা মনোয়ারা খাতুনের সঙ্গে সন্তান প্রসবের জন্য চুয়াডাঙ্গা থেকে যশোর শহরে তার পিত্রালয়ে যাচ্ছিলেন।
ট্রেনটি দর্শনা স্টেশন পার হওয়ার পরপরই হঠাৎ প্রসববেদনা শুরু হয় রেশমার। দ্রুতই ট্রেনের ভেতরেই তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। এই খবর দ্রুত যশোর রেলওয়ে স্টেশনে পৌঁছালে সেখানে আগে থেকেই ফায়ার সার্ভিস সদস্যরা অ্যাম্বুলেন্স নিয়ে প্রস্তুত হন। দুপুর ১২টার দিকে মা ও নবজাতককে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
চলন্ত ট্রেনে সন্তান প্রসবের সময় সহযাত্রী এবং তৃতীয় লিঙ্গের কয়েকজন মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসেন। তারা রেশমাকে সাহস দেন এবং প্রয়োজনীয় সাহায্য করেন। তৃতীয় লিঙ্গের কয়েকজন জানান, এমন মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব।
যশোর রেলওয়ের সহকারী মাস্টার জাকিয়া আক্তার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রেলওয়ের পক্ষ থেকে পরিবহনের ব্যবস্থা করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার বিচিত্র মল্লিক জানান, মা ও শিশুকে দ্রুত লেবার ওয়ার্ডে নেওয়া হয়। সিনিয়র স্টাফ নার্স শিরিনা আক্তার নবজাতকের নাড়ি কাটেন। গাইনি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার রাবেয়া খাতুন জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রেশমাকে দু’ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। বর্তমানে মা ও শিশু দু’জনেই সুস্থ আছেন।







