স্বাধীন কন্ঠ ডেস্ক
দুই দশকের দীর্ঘ বিরতির পর আবারও শুরু হলো বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। চলতি বছরে এই প্রতিযোগিতার বাছাই পর্ব শুরু হয়েছে যশোর অঞ্চল থেকে। বুধবার সকালে যশোর জেলা শিল্পকলা একাডেমিতে এই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এতে যশোর, ঝিনাইদহ, মাগুরা এবং নড়াইল জেলার ৪ হাজার ২শ প্রতিভাবান শিশু-কিশোররা অংশ নেয়। ২৪ শে সেপ্টেম্বর শুরু হওয়া ৪ দিন ব্যাপি এই প্রতিযোগিতা ২৭ শে সেপ্টেম্বর শেষ হবে। ৯ টি বুথে মোট ২৭ জন বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ টেলিভিশনের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো দেশের শিশু-কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে খুঁজে বের করা এবং তাদের বিকাশে সহায়তা করা। অনুষ্ঠানটি পুনরায় চালু হওয়ায় ক্ষুদে শিল্পী ও তাদের অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
বাছাই পর্বের প্রথম দিনে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার রেজাউল ইসলাম, তথ্য অফিসার সাঈদ এলিন, এবং শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস প্রমুখ।
আয়োজকরা আশা করছেন, ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানটি শিশু-কিশোরদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি করে যুক্ত হতে উৎসাহিত করবে এবং তাদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করবে।







