পি.আর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে যশোরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পি.আর) পদ্ধতি প্রবর্তন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতকরণ, এবং প্রয়োজনীয় সংস্কারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যশোর জেলা শাখা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে বিকাল ৩টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা শাখার সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিম-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ আলী সরদার-এর পরিচালনায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহা. শোয়াইব হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শোয়াইব হোসেন পি.আর পদ্ধতি-র পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেন।

 

তিনি বলেন, পি. আর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচনে পেশী শক্তি ও কালো টাকার দৌরাত্ব থাকে না, অবৈধভাবে ভোট কেন্দ্র দখল, ভোট ডাকাতির মহোৎসব, সহিংসতা, নৈরাজ্য, হানাহানি, অরাজকতা, বিশৃঙ্খলা থাকে না।

তিনি আরও উল্লেখ করেন যে, এই পদ্ধতির ফলে নিবন্ধিত প্রায় প্রতিটি দলের ভোটের আনুপাতিক হারে প্রতিনিধি জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পাবে। এতে পার্লামেন্টই হবে সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনার কেন্দ্রবিন্দু এবং মৌলিক সমস্যার সমাধানের স্থান।

তিনি হুঁশিয়ারি দেন, দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতা, বিভক্তি, মারামারী, হরতাল, অবরোধ, ঘেরাও, জ্বালাও-পোড়াও-এর অপরাজনীতির অবসান হয়ে কাঙ্খিত শান্তিপূর্ন প্রতিযোগিতার রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হবে।

তিনি আশা প্রকাশ করেন, এর ফলে দেশে স্থিতিশীলতা আসবে, বিদেশী বিনিয়োগ বাড়বে, এবং বেকারত্বের অভিশাপ থেকে জাতি মুক্তি পাবে। তিনি জানান, বিশ্বের ৯১টিরও বেশি দেশে কোনো না কোনো প্রকারের পি.আর পদ্ধতি অনুসরণ করে সুফল পাচ্ছে।

জেলা সভাপতি মিয়া আব্দুল হালিম তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পি. আর. পদ্ধতিতে নির্বাচনের দাবী করে আসছে। দেশকে স্থায়ীভাবে স্বৈরতন্ত্রের ভার থেকে রক্ষা করা, সব নাগরিকের ভোটের অধিকার নিশ্চিত করাই ছিল জুলাই অভ্যুত্থানের লক্ষ্য। তিনি আরও মন্তব্য করেন যে, বিগত ৫৪ বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, তা দেশকে ক্রমাগত পিছিয়ে দিয়েছে এবং অতীতের অভিজ্ঞতায় পুরোনো ব্যবস্থায় নির্বাচন করার কোনো অর্থ হয় না। তিনি দাবি করেন, এই পদ্ধতি দিন দিন জনপ্রিয় হচ্ছে এবং এর মাধ্যমেই স্বৈরশাসনের অবসান ঘটবে।

সমাবেশে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যান্য নেতাকর্মীরা আগামী সংসদ নির্বাচন পি.আর পদ্ধতিতে করার জন্য জোর দাবি জানান। অন্যথায় আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করে নেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

এসময় আরও বক্তব্য রাখেন ইসলামী আইনজীবী পরিষদ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুর ইসলাম (নুরুল), সহ-সভাপতি ভাইস প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন, জয়েন্ট সেক্রেটারি এইচএম মহসিন, এবং জেলার অন্যান্য নেতৃবৃন্দ।