স্বাধীন কন্ঠ ডেস্ক
প্রতারণার মাধ্যমে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর। এ ঘটনায় মোঃ আল-আমিন হোসেন (২২) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
জেলা ডিবি’র একটি চৌকস দল কোতোয়ালী থানার একটি মামলার (মামলা নং-৭৮) তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারে, মামলার এজাহারভুক্ত আসামি আল-আমিন বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর এলাকায় চোরাই মোটরসাইকেলসহ অবস্থান করছেন।
গতকাল শুক্রবার সকাল ১০ টায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে আল-আমিন হোসেনকে গ্রেফতার করে এবং তার হেফাজত থেকে রেজিস্ট্রেশন নম্বর যশোর ল-১৫-০৮৭৮ যুক্ত একটি FZV2 মডেলের মোটরসাইকেল (আনুমানিক মূল্য ২,৪০,০০০ টাকা) জব্দ করে।
জিজ্ঞাসাবাদে আসামি আল-আমিন জানায়, গত ২রা আগষ্ট তারিখে তার সহযোগী রিমন হোসেনের মায়ের অসুস্থতার কথা বলে তারা কৌশলে বাদীর কর্মস্থল সোনালী ব্যাংক, গরীব শাহ রোড শাখার নিচ থেকে মোটরসাইকেলটি হাতিয়ে নেয়। পরবর্তীতে তারা বাদীকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে এবং একপর্যায়ে নতুন মোটরসাইকেল কিনে দেওয়ার কথা বলে বাদীর কাছ থেকে আরও দশ হাজার টাকা নিয়ে আত্মগোপন করে।
গ্রেফতারকৃত আল-আমিন হোসেন বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউপির বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।







