যশোরে মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

​স্বাধীন কন্ঠ ডেস্ক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীর পূণ্য তিথিতে যশোর জেলার একাধিক গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিরা। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এবং পুলিশ সুপার রওনক জাহান জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং উপস্থিত সকলকে শারদীয় শুভেচ্ছা জানাতে এই পরিদর্শন করেন।

​কর্তৃপক্ষদ্বয় প্রথমে অভয়নগর থানাধীন নওয়াপাড়া কালী বাড়ি মন্দির, মাগুরা বাজার সার্বজনীন দুর্গা পূজা মন্দির, এবং সুন্দলী বাজার দুর্গা পূজা মন্দির পরিদর্শন করেন। এরপর মনিরামপুর থানাধীন দোলখোলা দুর্গা পূজা মন্দির ও বাবা বৈদ্যনাথ ধাম মন্দির এবং সবশেষে সদর থানাধীন নীলগঞ্জ মহাশ্মশান পূজা মন্দির পরিদর্শন করেন।

​পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় মণ্ডপগুলোর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

তারা বলেন, এখন পর্যন্ত যশোর জেলার প্রতিটি পূজা মণ্ডপের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো।

উপস্থিত জনতাকে আশ্বস্ত করে তারা বলেন, যশোর জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই।

তবে একইসঙ্গে তারা দৃঢ়ভাবে জানান যে, আমাদের উৎসবকে কেউ যদি বিনষ্ট করার চেষ্টা করে, তাহলে ধর্ম-বর্ণ নির্বিশেষে আইনগতভাবে সবাই সম্মিলিতভাবে তাকে প্রতিহত করা হবে।

​মহাঅষ্টমীর দিনে মণ্ডপগুলোতে অন্য দিনের তুলনায় লোকসমাগম অনেক বেশি থাকলেও সকলে অত্যন্ত নিরাপদে ও আনন্দঘন পরিবেশে পূজা পালন করছেন বলে তারা উল্লেখ করেন। তারা সামনের দিনগুলোতেও সুষ্ঠুভাবে পূজা পালন করে বিসর্জনের মাধ্যমে উৎসব শেষ করার আহ্বান জানান।

​এ সময় তাদের সাথে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল আহসান হাবীব, সহকারী পুলিশ সুপার, মনিরামপুর সার্কেল ইমদাদুল হকসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন।