যশোরে ইজিবাইক পরিষ্কার করা নিয়ে বিতণ্ডা: লাঠির আঘাতে চালকের মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোর শহরের আশ্রম রোড এলাকায় শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে ইজিবাইক পরিষ্কার করা নিয়ে কথা কাটাকাটির জেরে লাঠির আঘাতে জাহিদ হোসেন (৪০) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।

নিহত জাহিদ হোসেন আশ্রম রোড পশ্চিম পাশে বসবাস করতেন এবং তিনি পুলেরহাট এলাকার জালাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে আশ্রম রোডের জনৈক ফারুকের গ্যারেজে জাহিদ তাঁর ইজিবাইক পরিষ্কার করছিলেন। এ সময় অপর ইজিবাইক চালক ইউসুফের সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়। বিতণ্ডার একপর্যায়ে ইউসুফ লাঠি দিয়ে জাহিদকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জাহিদকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার তদন্ত ইনস্পেক্টর কাজী বাবুল বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।