‘রুকুনউদ্দৌলাহ্ ছিলেন গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতার পথিকৃৎ’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

প্রথিতযশা সাংবাদিক, লেখক, কলামিস্ট ও মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ্ সমাজের অসংগতি, মাটি মানুষ আর শেকড়ের কথা তুলে আনতেন। সত্য প্রকাশ করতে গিয়ে তিনি জীবনে বাধার সম্মুখীন হয়েছেন, কিন্তু তাঁর কলম কখনো থেমে থাকেনি। তিনি ছিলেন সাংবাদিকতার এক পাঠশালা, গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন এবং পথহারা মানুষকে পথের সন্ধান দিতেন।

শনিবার সন্ধ্যায় যশোর পৌর কমিউনিটি সেন্টারে জনউদ্যোগ যশোর আয়োজিত রুকুনউদ্দৌলাহ্’র স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।

জনউদ্যোগ স্মরণসভা কমিটির আহ্বায়ক অ্যাড. আবুল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তারা প্রয়াত রুকুনউদ্দৌলাহ্’র দীর্ঘ কর্মময় জীবন, সামাজিক অঙ্গনে তাঁর অসামান্য অবদান এবং ব্যক্তিগত স্মৃতিচারণ করেন। সভায় তাঁর দীর্ঘদিনের সহকর্মী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক, সামাজিকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রুকুনউদ্দৌলাহ্’র লেখনীতে সমাজের প্রতিচ্ছবি ফুটে উঠত। তিনি ছিলেন আপোষহীন এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। তাঁর সাংবাদিকতা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

স্মরণসভায় বক্তব্য দেন প্রয়াত রুকুনউদ্দৌলাহ্’র অগ্রজ এবং যশোর সংবাদপত্র পরিষদ সভাপতি মুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলা, জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম, সিপিবি যশোরের সভাপতি মাহবুবুর রহমান মজনু, যশোর শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, নারী নেত্রী হাবিবা শেফা, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী শ্রাবণী সুর, দলিত নেতা বিভূতোষ রায়, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, গ্রাম থিয়েটারের সমন্বয়কারী হাসান হাফিজুর রহমান এবং নাগরিক উদ্যোগের প্রোগ্রাম অফিসার নাসির উদ্দিন প্রমুখ।

স্মরণসভা অনুষ্ঠানটি পরিচালনা করেন স্মরণসভা কমিটির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক হাবিবুর রহমান মিলন।