পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

পিরোজপুর প্রতিনিধি

“সবার জন্য মানসম্মত পরিসংখ্যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সার্কিট হাউজের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিঝান মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মাসুম মিয়া। সদর পরিসংখ্যান কর্মকর্তা নাঈম মাহমুদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বক্তারা পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে বলেন, সঠিক ও নির্ভরযোগ্য তথ্য যেকোনো উন্নয়নের মূল ভিত্তি। তাঁরা সমাজ ও রাষ্ট্রের সার্বিক অগ্রগতির জন্য পরিসংখ্যানের ব্যবহার আরও সম্প্রসারিত করার আহ্বান জানান।