স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর-চুকনগর মহাসড়কের সতীঘাটা কামালপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় কাভারভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত এবং এক কিশোর গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ অক্টোবর ) দুপুর আড়াইটার দিকে মনিরামপুর থেকে যশোরগামী একটি কাভারভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটিতে ছিলেন রামনগর দক্ষিণপাড়া হাতিপোতা এলাকার সাইদুল ইসলামের ছেলে আকাশ (১৮) এবং একই গ্রামের হাশেম মোল্লার ছেলে সোহান (১৫)।
সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই আকাশ মারা যান এবং সোহান গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহত সোহানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহত আকাশের মরদেহ পরিবারের সদস্যরা ইঞ্জিনভ্যানে করে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
উদ্ধার কাজে যশোর ফায়ার সার্ভিসের সদস্যরাও অংশ নেন। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনায় আহত কিশোর সোহানের অবস্থা বর্তমানে সংকটজনক।







