স্বাধীন কন্ঠ ডেস্ক
প্রায় আড়াই মাস পানিতে ডুবে থাকার পর ভেসে উঠেছে রাঙ্গামাটি ‘সিম্বল অব রাঙ্গামাটি’ খ্যাত পর্যটন ঝুলন্ত সেতুটি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে সেতুর পাটাতনের ওপর থেকে সম্পূর্ণ পানি নেমে গেছে। তবে এখনো কাপ্তাই হ্রদের পানি পাটাতনের নিচে ছুঁইছুঁই করছে।
শুক্রবার সকালে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ঝুলন্ত সেতুর পাটাতনের ওপর থেকে পুরোপুরি পানি সরে গেছে। ইতোমধ্যে শুরু হয়েছে সংস্কারকাজ। পরিষ্কার-পরিচ্ছন্নতা শেষে সেতুর বিভিন্ন অংশে রঙ করা হচ্ছে। তবে এবার সেতুতে প্রবেশের টিকিটের মূল্য বাড়ানোর পরিকল্পনা করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। সংস্থাটি ২০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকায় টিকিট বিক্রির চিন্তা করছে।
রাঙ্গামাটি পর্যটক কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, চলতি বছরের ১০ জুনের দিকে রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের পানিতে ডুবে যায় ঝুলন্ত সেতুটি। সেসময় পর্যটকদের জন্য সেতুতে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। কিন্তু এখন পানি কমে গেছে।







