ঘূর্ণিঝড় মোন্থা, সারাদেশে বৃষ্টি বাড়তে পারে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে আজ সকাল ৬টায় (২৯ অক্টোবর) অন্ধ্র প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। এদিকে ঘূর্ণিঝড়ের সরাসরি কোনো প্রভাবে বাংলাদেশে না পড়লেও আজ থেকে দেশে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (২৯ অক্টোবর) সকালে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, গতকাল মঙ্গলবার দেশে সর্বোচ্চ ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদীতে। এছাড়া খুলনায় হালকা বৃষ্টি হয়েছে। গতকালের চেয়ে আজ বৃষ্টি আরও বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বুধবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।