স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে অভিযান চালিয়ে ১১ বোতল বিদেশি মদসহ দুই ভাইকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে পুরাতন পৌরসভা মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ঝিনাইদহ জেলার সদর উপজেলার বয়ড়াতলা গ্রামের কাউসার আলীর দুই ছেলে মোঃ সাজ্জাদুল ইসলাম রাসেল (২৭) এবং মোঃ রাব্বি হোসেন (২০)।
যশোর জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে বেনাপোল পৌরসভা মার্কেটের সামনে অভিযান চালায়। ডিবি পুলিশের এসআই বাবলা দাস, এসআই কামাল হোসেন এবং এএসআই নির্মল কুমার দাসের সমন্বয়ে গঠিত টিমটি দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করে।
আটককালে মোঃ সাজ্জাদুল ইসলাম রাসেলের কাঁধে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অন্যদিকে, মোঃ রাব্বি হোসেনের কাঁধে থাকা নেভি ব্লু রংয়ের ব্যাগ থেকে উদ্ধার করা হয় আরও ৫ বোতল বিদেশি মদ। সর্বমোট ১১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই কামাল হোসেন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে আটককৃত দুই ভাইকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।







