৪ দফা দাবিতে গ্রামীণ ডাক কর্মচারীদের মানববন্ধন: বেতন ব্রিটিশ আমলের ধাঁচে!

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

বেতনভাতা বৃদ্ধি, পোশাক ও বাইসাইকেল সরবরাহ এবং উৎসব ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন করেছে যশোর গ্রামীণ ডাক কর্মচারী ইউনিয়নের সদস্যরা। আজ বেলা সাড়ে ১১টার দিকে প্রেস ক্লাব যশোরের সামনে দুই শতাধিক কর্মচারী এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গ্রামীণ ডাক বিভাগে কর্মরত ৫৫৩ জন কর্মচারীর বেতন কাঠামো এখনো ব্রিটিশ আমলের ধাঁচে রয়ে গেছে। পোস্টমাস্টারের বেতন মাত্র ৪ হাজার ৪৬০ টাকা, পিয়নের ৪ হাজার ৩৫৪ টাকা, রানারের ৪ হাজার ১৭৭ টাকা এবং আয়ার বেতন ৪ হাজার ৬০ টাকা, যা বর্তমান বাজারে জীবনধারণের জন্য সম্পূর্ণ অপর্যাপ্ত।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই নগণ্য বেতনে পরিবার-পরিজন নিয়ে এক মাস চলা অসম্ভব। সন্তানের শিক্ষা, চিকিৎসা এবং দৈনন্দিন প্রয়োজন মেটাতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

গ্রামীণ ডাক কর্মচারী ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক আকাশ খান বলেন, “আমরা জমির পর্চা বিলি, ড্রাইভিং লাইসেন্স, জরুরি চিঠিপত্রসহ সব ধরনের গুরুত্বপূর্ণ নথি মানুষের দুয়ারে পৌঁছে দিই। কিন্তু আমাদের বেতন কাঠামো এত কম যে বাজার করার টাকাও হয় না।” তিনি জানান, দেশে প্রায় ২৬ হাজার কর্মচারী এই দুর্দশার শিকার।

কর্মচারীদের চার দফা দাবিগুলো হলো,বেতন ও ভাতা বৃদ্ধি। ডাকবাহকদের জন্য বাইসাইকেল ও পোশাক সরবরাহ। উৎসব ভাতা প্রদান। বর্তমান বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে ন্যূনতম ২০ হাজার টাকার প্রে-স্কেল নির্ধারণ।

আকাশ খান আরও যোগ করেন, সম্প্রতি উপদেষ্টা ডাক বিভাগের কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি করা হলেও গ্রামীণ ডাক কর্মচারীরা সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। তিনি সরকারের কাছে অবিলম্বে বেতন কাঠামো পুনঃনির্ধারণের দাবি জানান, অন্যথায় বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।