দিনাজপুরে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দিনাজপুরের চিরিরবন্দর ও ফুলবাড়ীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চিরিরবন্দরে পুকুরে গোসল করতে গিয়ে মারা গেছে মেহেদী হাসান (১৪) নামে এক স্কুল ছাত্র এবং ফুলবাড়ীতে নদীতে গোসল করতে গিয়ে মৃত্যু হয়েছে হাসু (১২) নামে অপর এক স্কুলছাত্রের।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকায় বৃহস্পতিবার দুপুরে ফুটবল খেলা শেষে কয়েকজন বন্ধু মিলে গোসল করতে যায় একটি পুকুরে। এ সময় সেখানে গভীর পানিতে তলিয়ে যায় মেহেদী হাসান। অন্যান্যরা তাকে পুকুরের গভীর পানি থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী সৈয়দপুর উপজেলার কুন্দন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মেহেদী হাসান রানীরবন্দরের মাছুয়াপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর এলাকায় ছোট যমুনা নদীতে কয়েকজন সমবয়সীর সঙ্গে গোসল করতে যায় হাসু (১২)। এক পর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হাসু ফুলবাড়ী উপজেলার ঘাটপাড়া গ্রামের আইনুল ইসলামের ছেলে। সে ঘাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

ফুলবাড়ী থানার এসআই আরিফুজ্জামান জানান, অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছেন তারা। তবে থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

শিশু হাসুর পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ আল কামাল তমাল।