সরকারি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে যশোরে বিসিএস (কৃষি) ক্যাডারের মানববন্ধন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

শেরপুরের নকলায় সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় উপজেলা কৃষি অফিসারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শুক্রবার যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিসিএস (কৃষি) ক্যাডার অ্যাসোসিয়েশন, যশোর অঞ্চল। বক্তারা দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​শুক্রবার সকালে যশোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন অতিরিক্ত পরিচালক (কৃষিবিদ) আলমগীর বিশ্বাস। বিসিএস (কৃষি) ক্যাডার অ্যাসোসিয়েশন, যশোর অঞ্চলের সকল কর্মকর্তা এতে অংশগ্রহণ করেন।

বক্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, দুপুর আনুমানিক ২টা ৫ মিনিটে কতিপয় দুর্বৃত্ত সরকারি অফিসে প্রবেশ করে কর্তব্যরত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, নকলা, শেরপুর-এর উপর নৃশংস হামলা চালায়। হামলাকারীদের মধ্যে শেরপুর নকলা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম (৩৫) এবং ছাত্র নেতা ফজলুল হক (৩২)-এর নাম উল্লেখ করেন বক্তারা।

মানববন্ধনে বক্তারা কঠোর নিন্দা জানিয়ে বলেন, এই হামলা কেবল একজন সরকারি কর্মকর্তার উপর আক্রমণ নয়, বরং এটি “রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো ও সেবাদান প্রক্রিয়ার উপরও চরম আঘাত।” তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের জঘন্য ঘটনা সরকারি কর্মকর্তাদের মনোবল ভেঙে দেবে এবং সরকারি দায়িত্ব পালনে চরম নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করবে।

​মানববন্ধনে বক্তারা দাবি করেন, ​দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান।কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী-এর নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিতকরণ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

​শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হলেও কর্মকর্তাদের মাঝে ক্ষোভ ও হতাশা ছিল স্পষ্ট। তারা সরকারের কাছে দ্রুত এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিতের জোর দাবি জানান।