স্বাধীন কন্ঠ ডেস্ক
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোর জেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো বই মেলা। জেলা বিএনপির তত্ত্বাবধান এবং জিয়া স্মৃতি পাঠাগার যশোর-এর উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।
সোমবার বিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে বই মেলার শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জিয়া স্মৃতি পাঠাগার যশোরের সভাপতি মোস্তাক আহম্মেদ পলাশ, সাধারণ সম্পাদক আরিফ হোসেন লতা, সাংগঠনিক সম্পাদক মাসুদ জামান, কোষাধ্যক্ষ জায়েদ মোহাম্মদ খালেদসহ সংগঠনের সদস্য মির্জা রিয়াজ, ফারজানা বর্না, মারুফ হোসেন প্রমুখ।
বই মেলার আয়োজক ও উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই বই মেলা একদিকে যেমন ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরবে। তেমনি পাঠকদের মধ্যে বই পড়ার আগ্রহ ও জ্ঞানের আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলায় বিভিন্ন প্রকাশনীর স্টল স্থান পেয়েছে। যেখানে নানান ধরণের বইয়ের সমাহার ঘটেছে।







