স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে গভীর রাতে শক্তিশালী বোমা বিস্ফোরণে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত যুবক বিপ্লব হোসেন (২১) ওই গ্রামের মহসিনের ছেলে। এ ঘটনায় এলাকায় যেমন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।তেমনি ঘটনার পেছনের কারণ নিয়ে দেখা দিয়েছে ভিন্ন ভিন্ন বক্তব্য, যার এক প্রান্তে রয়েছে রাজনৈতিক হামলা এবং অন্য প্রান্তে বোমা তৈরির প্রচেষ্টা। সোমবার রাত আনুমানিক ২টার দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
বিপ্লবের মা পারুল বেগম জানান, গভীর রাতে ছেলে বাথরুমে যাওয়ার জন্য বাড়ির বাইরে বের হন। ঠিক সেই সময় অজ্ঞাতনামা কয়েকজন লোক অন্য কাউকে লক্ষ্য করে হামলা চালাতে এসেছিল। বাড়ির দরজা খুলে বাইরে আসতেই বিপ্লব আকস্মিক বিস্ফোরণের শিকার হয়ে গুরুতর দগ্ধ হন। তিনি স্পষ্ট করে উল্লেখ করেন যে বিপ্লব মাঠে কাজ করেন এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
স্থানীয় একটি সূত্র এবং শার্শা থানা পুলিশ সম্পূর্ণ ভিন্ন দাবি করেছে। তাদের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, আহত যুবক বিপ্লব হোসেন বোমা তৈরি করতে গিয়ে নিজেই আহত হয়েছেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বিপ্লব বোমা তৈরি করতে গিয়ে আহত হয়েছেন। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
বোমা বিস্ফোরণের পর পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার জানান, বিপ্লবের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার প্রক্রিয়া চলছে।
বিএনপি’র রাজনীতির সঙ্গে বিপ্লবের সম্পৃক্ততার বিষয়টি তার মায়ের বক্তব্যে উঠে আসায়, স্থানীয় মহলে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসা কিংবা নাশকতার প্রচেষ্টার গুঞ্জন শুরু হয়েছে। বোমা তৈরির সময় আহত হওয়ার পুলিশের প্রাথমিক তদন্ত রিপোর্ট সত্ত্বেও, বিরোধী রাজনৈতিক দলের নেতার ছেলের আহত হওয়ার ঘটনাটি পুরো এলাকায় এক ধরণের আতঙ্ক ও রহস্য সৃষ্টি করেছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তাদের তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।







