যশোর
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির আল্লামা মামুনুল হক বলেছেন, খেলাফত রাষ্ট্র ব্যবস্থাকে উপেক্ষা করে মানব রচিত মতবাদ দ্বারা দেশ পরিচালনায় কখনো শান্তি আসতে পারে না। তিনি দাবি করেন, একমাত্র খেলাফত রাষ্ট্র ব্যবস্থাই দেশে জুলুম ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে পারে।
মঙ্গলবার (১৮ই নভেম্বর) বাদ মাগরিব যশোর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস, যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যশোর জেলা সভাপতি মাওলানা আব্দুল মান্নান সাহেবের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুফতী মাসুম বিল্লাহ-এর সঞ্চালনায় কর্মী সভাটি অনুষ্ঠিত হয়।
আল্লামা মামুনুল হক তাঁর বক্তব্যে বলেন, মানব রচিত মতবাদে ব্যক্তি স্বার্থ চরিতার্থ হতে পারে এবং ব্যক্তি সম্পদের পাহাড় গড়তে পারে, কিন্তু দেশ ও জাতির কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। তিনি বলেন, পৃথিবীতে সোস্যালিজম, কমিউনিজম, ধর্ম নিরপেক্ষতা, ক্ষমতার রদবদল, এবং পরিবারতন্ত্র দেখা গেছে, কিন্তু সবগুলোই শান্তি আনতে বা দেশ ও জাতির কল্যাণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, খেলাফত রাষ্ট্র ব্যবস্থার অর্থই হলো জুলুম ও শোষণ মুক্ত একটি সমাজ, যেখানে মানুষ তার জান, মাল এবং ধর্মের নিরাপত্তা নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। এমনকি বিত্তিন্ন ধর্মের সংখ্যালঘু সম্প্রদায়ও সবচেয়ে বেশি সুখে থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন। এ জন্য একটি ত্যাগী কর্মী বাহিনীর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাওলানা আতাউল আমিন এবং মাওলানা শরীফ সাইদুর রহমান। এছাড়াও খুলনা মহানগর সেক্রেটারী ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা ওলিউল্লাহ মাহমুদ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন- হাফেজ মাওলানা রমিজ উদ্দিন, হাফেজ মাওলানা বেলায়েত হোসেন, মুফতি হাফিজুর রহমান, মাওলানা নাজির উদ্দিন, মুফতি মহিউল ইসলাম, মুফতি আবু হুরাইরা, মুফতি হাবিবুল্লাহ, মাওলানা শহিদুল্লাহ কাসেমী প্রমুখ।
বক্তারা ইসলামী রাজনীতি ও খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের কর্মীদের আরও ত্যাগ, দক্ষতা ও ঐক্যের সাথে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, “ফ্যাসিস্ট সরকারের সুযোগে নতুন কোনো ফ্যাসিস্ট তৈরি না হয় সেদিকে খেয়াল রেখে দেশ ও জাতির কল্যাণে আল্লাহর রেজামন্দির আশায় আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে।”
সভায় সাংগঠনিক শক্তি সঞ্চারে সদস্য সংগ্রহ, জনসংযোগ এবং আগামী দিনের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কর্মী সভা শেষে আমীরে মজলিস আল্লামা মামুনুল হক সাহেব বিশাল গাড়ী বহর সহ বাহাদুরপুর দারুল আরকান মাদ্রাসার বাৎসরিক সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন।







