স্বাধীন কন্ঠ ডেস্ক
“নারী ও কন্যারপ্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট (আইইডি) যশোর কেন্দ্র এবং নাগরিক সংগঠন জনউদ্যোগের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে যশোর প্রেস ক্লাব চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকারের সভাপতিত্বে এই কর্মসূচিতে সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনসমূহ অংশগ্রহণ করে।
বক্তারা বলেন, নারী ও কন্যার প্রতি সহিংসতা একটি জঘন্য সামাজিক ব্যাধি। এই সহিংসতা বন্ধে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বিশেষত, বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে নারীর নিরাপত্তা নিশ্চিত করার ওপর বক্তারা বিশেষ জোর দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, আইনজীবী আবুল হোসেন, রাজনৈতিক ব্যক্তিত্ব প্রকৌশলী আবু হাসান, জনউদ্যোগের যুগ্ম আহবায়ক অধ্যাপক সুরাইয়া শরীফ, জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, চিত্রশিল্পী রাশেদ খান, যশোর জেলা এনজিও সমন্বয়কারী শাহজাহান নান্নু, এনজিও কর্মী শীতল রায়, রবিউল ইসলাম বাবু, জাকিয়া সুলতানা, ফজলুর রহমান, সাংস্কৃতিক কর্মী সুকান্ত দাস।
মানববন্ধন শেষে প্রেস ক্লাব থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি এম এম আলী সড়ক হয়ে চিত্রা মোড় অতিক্রম করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়।
জনউদ্যোগের আয়োজনে ভৈরব চত্বরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে বাউল শিল্পীদের উত্তরীয় এবং ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়। এরপর বাউলিয়া সংঘের শিল্পীরা বাউল গান পরিবেশন করেন এবং সবশেষে যুব ও সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে নাটক প্রদর্শন করা হয়।







