মনিরামপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই খাদ্য বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরের মনিরামপুর বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও ওজনে কারচুপির দায়ে দুটি খাদ্য বিক্রেতা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান এই মনিটরিং অভিযানের নেতৃত্ব দেন। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই কার্যক্রম।

অধিদপ্তর সূত্র জানায়, অভিযানে প্রথমে আজমীরি বেকারিতে অনিয়ম ধরা পড়ে। প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, কর্মচারীদের স্বাস্থ্যসনদ না থাকা, উৎপাদিত পণ্যের উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের সময় অলিখিত রাখা এবং পণ্যের প্যাটেন্ট ডিজাইন নকল করাসহ একাধিক গুরুতর ত্রুটি পাওয়া যায়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে সাতক্ষীরা ঘোষ ডেয়ারিতে দই বিক্রির সময় ওজনে কারচুপির প্রমাণ মেলে। একজন ক্রেতার কাছে ১ কেজি দই দেওয়ার কথা থাকলেও সেখানে ৬ গ্রাম কম ওজনের দই দেওয়া হয়েছিল।
আইনটির ৪৬ ধারায় ভোক্তা ঠকানোর এই অপরাধে সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, জেলা ক্যাবের সদস্য এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করে। ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এই ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত চলবে বলে অধিদপ্তর জানিয়েছে।