যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। একটি ঘটনায় স্থানীয় জনগণের হাতে বাসচালক গণপিটুনির শিকার হয়েছেন। অপর ঘটনায় ট্রাকচাপায় এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
যশোর কোতোয়ালি মডেল থানাধীন দাইতলা পাকা সড়কে সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় নিহত হন মুরাদ হোসেন (৪৫)। তিনি ঝুমঝুমপুর এলাকার বাসিন্দা এবং মডার্ন ইলেকট্রিক্যাল ওয়ার্কস লিমিটেডের যশোর শাখার একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি বাইসাইকেলযোগে যশোর শহর থেকে নড়াইলের দিকে যাওয়ার সময় রাস্তা পার হতে গেলে যশোর থেকে নড়াইলগামী একটি লোকাল বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা দিয়াপাড়া এলাকার বাসচালক রায়হানকে আটক করে মারধর করেন। পরে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত বাসচালককে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

একইদিন দুপুরে যশোর কোতোয়ালি থানাধীন খোলাডাঙ্গা সার গোডাউনের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সাজ্জাদ (১৯)। তিনি পুলেরহাট দিয়ারবাড়ী এলাকার বাসিন্দা এবং চারখাম্বার মোড় সংলগ্ন নাদিম মোটরসাইকেল গ্যারেজের কর্মচারী ছিলেন। গ্যারেজ থেকে একটি মেরামতকৃত মোটরসাইকেল মালিককে বুঝিয়ে দিতে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে বিকেলে সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ট্রাকটি শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

দুটি ঘটনায়ই সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।