যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
স্বাধীন কন্ঠ ডেস্ক
পলিটেকনিক ইনস্টিটিউটের ১০ম গ্রেডের পদে বিএসসি ডিগ্রিধারীদের চাকরিতে প্রবেশের অনুমতির প্রতিবাদে এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শনিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের মাধ্যমে ১০ দফা দাবিসংবলিত এই স্মারকলিপি দেওয়া হয়।
এর আগে অর্ধশতাধিক শিক্ষার্থী পলিটেকনিক ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যান। স্মারকলিপি প্রদান শেষে তারা কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কারিগরি শিক্ষায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর দীর্ঘমেয়াদি বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে তারা যে দক্ষতা অর্জন করেন, তা উপেক্ষা করে সাধারণ বিএসসি ডিগ্রিধারীদের ১০ম গ্রেডে চাকরির সুযোগ দেওয়া সম্পূর্ণ বৈষম্যমূলক সিদ্ধান্ত। এতে ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্র সংকুচিত হবে এবং কারিগরি শিক্ষার মর্যাদা ক্ষুণ্ণ হবে বলে তারা মনে করেন।
শিক্ষার্থীদের দাবি, আগে কারিগরি খাতের ১০ম গ্রেডের পদগুলো ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত ছিল। সম্প্রতি নীতিমালা পরিবর্তনের মাধ্যমে বিএসসি ডিগ্রিধারীদের একই গ্রেডে নিয়োগের সুযোগ সৃষ্টি করা হয়েছে, যা ডিপ্লোমা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ফেলবে। এ সিদ্ধান্ত দ্রুত বাতিল না করা হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
স্মারকলিপি প্রদানকালে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ইমামুল হোসেন, মেহেদী হাসান মাহিন, মুরতাসিম মাশরাফিসহ অর্ধশতাধিক আন্দোলনকারী শিক্ষার্থী।