যশোরে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়াণে জাসদের শোকসভা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়াণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১১টায় যশোর প্রেসক্লাবে এ শোকসভার আয়োজন করা হয়।

শোকসভায় সভাপতিত্ব করেন জাসদের কার্যকরী সভাপতি ও যশোর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) যশোর জেলা কমিটির সভাপতি মাহাবুবুর রহমান মজনু, বাসদের জেলা সমন্বয়ক কমরেড হাচিনুর রহমান, যশোর জেলা জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ, জেলা জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস, জাসদের প্রতিষ্ঠাতা সদস্য শরীফ মোহাম্মদ আমিন মানিক, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বাপ্পি, জাতীয় যুব জোটের যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল বাসার মুকুল, অধ্যাপক কার্তিক চন্দ্র রায়, ড. অহেদুল ইসলাম, প্রয়াত অশোক কুমার রায়ের কন্যা অরুণ্য দুতি রায় এবং জাসদ ছাত্রলীগ যশোর জেলা সভাপতি তাজুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, অ্যাডভোকেট অশোক কুমার রায় ছিলেন নিরহংকার, নিলোভ, মুক্তমনা ও অসাম্প্রদায়িক চেতনার মানুষ। তিনি বিজ্ঞানমনস্ক ও সমাজতন্ত্রে বিশ্বাসী একজন আজীবন বিপ্লবী হিসেবে মানবমুক্তির স্বপ্ন লালন করেছেন। মানবমুক্তির লক্ষ্যে তিনি প্রায় ছয় দশক রাজনীতি করেছেন এবং সমাজতন্ত্রের পতাকা ঊর্ধ্বে তুলে ধরতে নিরলসভাবে কাজ করে গেছেন।

বক্তারা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।#