যশোরে শাড়ির ব্যবসার আড়ালে আতশবাজির গুদাম, বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী জব্দ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর শহরের বড় বাজার এলাকার হাটচান্নী মার্কেটে শাড়ির ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ আতশবাজির ব্যবসা চালানোর অভিযোগে এক ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরকজাতীয় সামগ্রী জব্দ করেছে পুলিশ।

বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে “সিহাব বস্ত্রালয়” নামে একটি দোকানের মালিক সিহাব মোল্লার ভাড়া নেওয়া গুদাম থেকে এসব আতশবাজি উদ্ধার করা হয়। মার্কেটের নিচতলায় শাড়ি-কাপড়ের দোকান পরিচালনা করলেও দ্বিতীয় তলায় ভাড়া নেওয়া দুটি কক্ষে গোপনে আতশবাজি মজুদ করে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে ৫ বস্তা ও ৫ কার্টুন চকলেট বোমা, তারাবাজি, পটকাবাজিসহ বিভিন্ন ধরনের আতশবাজি জব্দ করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিহাব মোল্লা আগে চায়ের দোকান ও ভাজাপোড়ার ব্যবসা করতেন। পরবর্তীতে শাড়ির ব্যবসা শুরু করলেও আড়ালে অবৈধ আতশবাজির কারবার চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গুদামের মালিককে ফোন করে ঘটনাস্থলে আসতে বলা হলেও তিনি ফোন বন্ধ করে দেন। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত আতশবাজি জব্দ করা হয়েছে এবং পলাতক সিহাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।